ভার্চুয়াল আদালত : জরুরি পরিস্থিতিতে মত সংসদীয় কমিটির, আইন পাশ না করার অনুরোধ সমিতির

২৮ জুন, ২০২০ ২৩:৫২  
জরুরি পরিস্থিতিতে পরিচালনার বিধান রেখে সোমবার ভার্চুয়াল আদালত বিল সংসদে উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।  রোববার আইন ও বিচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন বিশেষজ্ঞদের মত গ্রহণ বৈঠক শেষে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে করোনাভাইরাস মহামারীকালে প্রয়োজনের তাগিদে যে ভার্চুয়াল আদালতের যাত্রা শুরু হয়েছে, তা সবক্ষেত্রে চালু না করার সুপারিশ করেছে আইন ও বিচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। আইনমন্ত্রী আনিসুল হক, কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী ও গ্লোরিয়া ঝর্ণা সরকার ওই সভায় উপস্থিত ছিলেন। এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরও উপস্থিত ছিলেন। এদিকে একই দিনে ভার্চুয়াল আদালতের বিধান সম্বলিত প্রস্তাবিত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তির ব্যবহার আইন-২০২০ জাতীয় সংসদে পাস না করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান কাছে চিঠি দেন সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান। চিঠিতে বলা হয়, আইনজীবীদের প্রশিক্ষণবিহীন ভার্চুয়াল আদালত অধিকাংশ ক্ষেত্রে সফলতার মুখ দেখছে না। তাই ভার্চুয়াল আদালতের কারণে ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নিয়মিত আদালত খুলে দেওয়া প্রয়োজন। এ অবস্থায় প্রস্তাবিত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তির ব্যবহার আইন-২০২০ জাতীয় সংসদে পাস না করার অনুরোধ জানানো হলো।